ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লা মডেল থানা এলাকার ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছবাজার–সংলগ্ন সার্ভিস লেনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাওলানা আকরাম হোসেন (৫২) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কুমিল্লার হোমনা থানার দরিচর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ডের দিক থেকে বেপরোয়া গতিতে আসা বালুবাহী একটি খালি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন ও দোকানে আঘাত করে। ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইমাম আকরাম হোসেনের মৃত্যু হয়। আহত হন মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কের পাশে রাখা দুটি ভ্যানগাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চাকার নিচ থেকে লাশ উদ্ধার করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ট্রাকচালকের বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
তথ্যসূত্র: নারায়ণগঞ্জ পোস্ট, ২৭ নভেম্বর ২০২৬
