নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত এবং সোনারগাঁ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানে হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। পরে প্রচলিত আইনে তাদের জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি জানান, জনস্বাস্থ্য ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিতে নিয়মিত তদারকি চলছে। উপজেলার অন্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: আমার সংবাদ, ২৬ নভেম্বর ২০২৬
