শ্রমিক অসন্তোষের মধ্যে কয়েকটি শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধের খবরের মধ্যেও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবুমার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী ও আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দেন।
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি, পুলিশ, শিল্প পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপমহাপরিদর্শক শিপন চৌধুরী জানান, শ্রম আইনের ১৩(ক) ধারায় জেলার কোনো কারখানা বন্ধ ঘোষণা করা হয়নি। সব কারখানা চালু আছে, শ্রমিকেরা কাজে ফিরেছেন এবং পরিস্থিতি শান্ত।
কাজে ফেরা শ্রমিকেরা বলছেন, শ্রমিক, মালিক ও সরকারপক্ষের আলোচনার মাধ্যমে দ্রুত ন্যায্য মজুরি বাস্তবায়ন করা হোক। এর আগে গাজীপুরসহ কয়েকটি শিল্পাঞ্চলে বেশ কিছু তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণার খবর পাওয়া যায়।
তথ্যসূত্র: দেশ রূপান্তর, ১৫ নভেম্বর ২০২৬
