ফতুল্লার তল্লা এলাকায় নিজস্ব দাবা ভেন্যু চালু করেছে নাহার চেস একাডেমি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ভেন্যুটির উদ্বোধন করা হয়।
প্রায় চার কাঠা জমির ওপর গড়ে তোলা ভেন্যুতে রয়েছে খেলার হল, অফিসকক্ষ, রান্নাঘর, শৌচাগার ও ক্যানটিন। খেলোয়াড়দের থাকার জন্য একটি ডরমিটরিও নির্মাণাধীন। একাডেমির দাবি, দেশে কোনো দাবা একাডেমির নিজস্ব ভেন্যু হিসেবে এটিই প্রথম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানাজ জামান, নারায়ণগঞ্জ চেস ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ এবং শিক্ষিকা নুরুন নাহার খানম। সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান রুমি জানান, ২০০৭ সালে বগুড়ায় একাডেমির যাত্রা শুরু, ২০০৮ সাল থেকে এটি নারায়ণগঞ্জে চলছে। একাডেমি থেকে প্রায় অর্ধশত আন্তর্জাতিক রেটিংধারী দাবাড়ু উঠে এসেছেন, যাঁদের মধ্যে আছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়।
উদ্বোধনের পরপরই ভেন্যুতে শুরু হয় ‘এনসিএ দ্বিতীয় আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট’।
তথ্যসূত্র: নারায়ণগঞ্জ টাইমস, ২০ নভেম্বর ২০২৬
